রিহ্যাবের সভাপতি আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান ড. মো. আলী আফজাল এবং সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবদুর রাজ্জাক।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা ৩২ মিনিটে শেষ হয়। এরপর সন্ধ্যা ৬টা ১২ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়ে রাত ১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ পেয়েছেন ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মো. লাবিব বিল্লাহ। ৩০৪ ভোট করে পেয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব।
এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন— এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ডা. এন. জোহা, আল-হাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সরদার এবং আল-হাজ গোলাম কিবরিয়া মজুমদার।
নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া।
আবাসন খাতের বর্তমান প্রেক্ষাপটে এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে খাতটিতে নীতি সহায়তা জোরদার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে— এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
