আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক ‘মা দিবস’ ও ‘সেবিকা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন “উদ্দীপ্ত বাংলাদেশ”-এর উদ্যোগে রোববার (১৭ মে) রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন (বিডিজি)-এর সাবেক গভর্নর হেলেন এ নাসরিন, বিমান বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুলতানা ইসলাম এ্যানি, নারী উদ্যোক্তা সিনথি রহমান এবং সাবেক সহযোগী অধ্যাপক নুর জাহান বেগমসহ আরও অনেকে।

ড. জাহিদ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্দীপ্ত বাংলাদেশের সভাপতি মো. গোলাম রাব্বানী খান। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও কলামিস্ট জে. ই. বুলবুল। এছাড়া কবিতা আবৃত্তি করেন কবি নুসরাত আরা ও নীলিমা খান।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন নারীকে “আলোকিত নারী ও রত্নগর্ভা মা সম্মাননা-২০২৬” এবং আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে ১২ জনকে “ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন লায়ন হেলেন এ নাসরিন, অভিনেতা নাজমুল খান, অভিনেত্রী ক্যামেলিয়া নিশান সুচনা।, উদ্যোক্তা নাজমুন নাহার, সৈয়দা তাজনাহার কাজল, মডেল ও অভিনেত্রী ইসমত আরা লিমন, সমাজসেবক মো. গোলাম কিবরিয়া এবং একতা সেবা ক্লিন সার্ভিসের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

বক্তারা মা’কে নিয়ে স্মৃতিচারণ ও সমাজে নারীর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশ নেন।


আমার বার্তা/এমই