যুবনেতা সাজ্জাদুল মিরাজের ব্যতিক্রমী উদ্যোগে আর্জেন্টিনা জয়ে উৎসব
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় যখন মেতে উঠেছে পুরো দেশ, তখন রাজধানীর মিরপুরে ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা সাজ্জাদুল মিরাজ। তাঁর উদ্যোগে মিরপুর-১ নম্বরে নিজ কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে বিশালাকার ডিজিটাল স্ক্রিন, যেখানে প্রতিদিন রাতেই শত শত দর্শক একসঙ্গে উপভোগ করছেন বিশ্বফুটবলের রোমাঞ্চকর ম্যাচগুলো।
গতকাল রাতে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে মিরপুর-১ এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন অসংখ্য আর্জেন্টিনা সমর্থক, তরুণ ও সাধারণ দর্শক। খেলা চলাকালীন সাজ্জাদুল মিরাজ নিজেও দর্শকদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন এবং আর্জেন্টিনার প্রতিটি আক্রমণ ও গোল উদযাপনে অংশ নেন।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ সমাজকে মাদক, গ্যাং কালচার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি করা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর মিরপুরে এমন একটি সার্বজনীন আয়োজন দেখা গেল, যেখানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ একত্রিত হয়েছেন।
খেলা দেখতে আসা কয়েকজন তরুণ বলেন, বড় পর্দায় খেলা দেখার সুযোগ সবার হয় না। এই আয়োজনের মাধ্যমে সবাই একসঙ্গে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার সুযোগ পেয়েছেন, যা তাদের কাছে বেশ অনুপ্রেরণাদায়ক।
এ বিষয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, ফুটবল মানুষের হৃদয়ের খেলা এবং এটি সবাইকে ঐক্যবদ্ধ করে। তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
খেলা শেষে আর্জেন্টিনার জয় উদযাপনে মিরপুরের বিভিন্ন সড়ক মুখরিত হয়ে ওঠে সমর্থকদের উল্লাসে। স্থানীয়দের মতে, এই আয়োজন মিরপুরের ক্রীড়াপ্রেমীদের জন্য এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমার বার্তা/এমই
