পোস্তগোলায় ৪ কোটি ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকার পোস্তগোলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। অভিযানকালে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যান বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
