কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব।

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-১৪ ও র‍্যাব হেডকোয়ার্টারের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১), মো. রাফসান (২৩), মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮), মো. ইমন (২০), মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজ।

র‍্যাব জানায়, সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্রে ঘাটতি দেখানো এবং ৫ থেকে ৬ হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। কেউ প্রলুব্ধ না হলে বিভিন্ন কৌশলে সেবাপ্রার্থীদের হয়রানি করা হতো।

দালাল চক্রের কার্যক্রম বন্ধে রোববার অভিযান চালিয়ে হাতেনাতে ২০ জনকে আটক করা হয়। স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

র‍্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছেও দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে দালালরা। এছাড়া পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকারি ফি ছাড়াও অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে দালালদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ মিলেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।