সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও তিন আরোহী আহত হয়েছেন। তারা হলেন- নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে সিলেটে যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস প্রাইভেটকারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
আমার বার্তা/মো. রিমন খান/এমই
