আইন-শৃঙ্খলা জোরদারে ফেনীতে মাসিক সভা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ফেব্রুয়ারি মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুক্ত আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। বক্তব্যে তিনি বলেন, ফেনী–১ কেবল একটি সংসদীয় এলাকা নয়; এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া-এর জন্মস্থান ও পৈত্রিক ভিটা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি নিজেকে ওই রাজনৈতিক আদর্শের কর্মী হিসেবে উল্লেখ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার মনিটরিং এবং জননিরাপত্তা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য বিশেষভাবে শহরের হকারদের পুনর্বাসন ও শৃঙ্খলার আওতায় আনতে সপ্তাহে দুই দিন নির্দিষ্ট স্থানে বসার সুযোগ করে দেওয়ার প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে বিভ্রান্তিকর বা বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্যনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি উল্লেখ করেন। জনগণের পাশে থেকে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখাই তাঁর ও তাঁর দলের অঙ্গীকার—এ কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিত তদারকি ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
