সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

  ​সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিজাম হাওলাদার (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) আনুমানিক ১টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়লে হেলপার নিজাম হাওলাদার সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নিজাম হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

​সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই