মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা, হেলপার নিহত

প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে  ট্রাকের হেলপার রবিউল হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক, ব্যবসায়ীসহ আরও তিনজন।

শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে সূত্রে জানা যায়, মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় একটি ট্রাক পার্কিং করে রাখা হয়। এ সময় পেছন থেকে ধাক্কা দেওয়ায় আরেকটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে হেলপার মারা যান। এতে দুই ট্রাকের চালক, সবজি ব্যবসায়ীসহ তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠাই।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাড়ি থেকে মরদেহ বের করি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে আসি। মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’