সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে নোমান নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। সকালে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডের থানা রোড এলাকায় তারা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয়রা।
নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। চোরাচালানের পণ্য আটক করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক যুবক গুলিবিদ্ধ হন এবং এক বিজিবি সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ যুবককে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। তারা হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডের থানা রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
