ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৪:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত সোহরাব আলী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, ডিবির দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত ১টা ৫০ মিনিটে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে ট্রাকের চালক রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। তার দেখিয়ে দেওয়া স্থান থেকে মোট ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় মামলা হয়েছে।
