টালিউড অভিনেত্রী পায়েলের ভবনে আগুন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কলকাতার টালিগঞ্জে অবস্থিত বহুতল আবাসন আরবানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) হঠাৎই আবাসনটির চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। ওই টাওয়ারেই থাকেন অভিনেত্রী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্যসহ বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। আগুন লাগার পর দ্রুতই বাসিন্দারা নিচে নেমে আসেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পায়েল সরকার বলেন, ‘প্রথমে কেউই টের পাননি। আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে নিচে নেমে আসি। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় পুরো টাওয়ারের আশপাশ। স্বাভাবিকভাবেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
পায়েলের কথায়, শুরুতে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার কথা কারও মাথায় আসেনি। প্রায় ৪০ মিনিট পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন লহমা ভট্টাচার্যও। তিনি পরিবারের সঙ্গে ৩০ তলায় থাকেন। তার ভাষায়, হঠাৎ দেখি চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সবাই তড়িঘড়ি নিচে নামছেন। ৩০ তলা থেকে নামতে তো সময় লাগে! করিডরে কিছুই দেখা যাচ্ছিল না, চারদিকে শুধু ঘন ধোঁয়া।
আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচতলার একটি ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আমার বার্তা/এমই
