ট্রেন ভ্রমণে ইসরায়েলের সতর্কতার পর তেহরানে একাধিক বিস্ফোরণ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৫:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হরমুজ প্রণালি বন্ধের বার্তা সংক্রান্ত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে এক নারী। গত রোববার তেহরানে।

ইরানের নাগরিকদের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পরই রাজধানী তেহরানে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সকালে ইসরায়েলের সামরিক বাহিনীর এক্সে অ্যাকাউন্টে ইরানিদের ট্রেন ভ্রমণ না করার বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করা হয়। বার্তাটিকে ইরানের রেল যোগাযোগ ব্যবস্থায় আসন্ন হামলার সংকেত হিসেবে ধরা হচ্ছে।

সামরিক বাহিনী তাদের ফারসি ভাষার অ্যাকাউন্টে লিখেছে, ‘আপনার নিরাপত্তার স্বার্থে, এখন থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’ এতে আরও বলা হয়, ‘ট্রেনে এবং রেললাইনের কাছাকাছি আপনাদের উপস্থিতি জীবনকে বিপন্ন করতে পারে।’

ইরানের বার্তা সংস্থা মেহরসহ অন্য গণমাধ্যম শারঘ ও হাম-মিহানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাজধানীতে বেশ কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির একজন সাংবাদিকও শহরের উত্তর দিকে ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

হরমুজ প্রণালি নিয়ে চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শেষ (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) হবে। এর মধ্যে চুক্তি না হলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। যা মঙ্গলবার রাতেও ঘটতে পারে।

ইরানের বেসামরিক অবকাঠামো ঘিরে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকিকে যুদ্ধাপরাধের শামিল বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আইনের বিভিন্ন ধারা উল্লেখ করেছেন। বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাঁর দেশের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে যুদ্ধাপরাধ করার হুমকি দিয়েছেন।

ঘারিভাবাদি আরও লিখেন, বিদ্যুৎকেন্দ্র এবং সেতুর মতো বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধির অনুচ্ছেদ ৮(২)(খ) অনুযায়ী একটি যুদ্ধাপরাধ।

আমার বার্তা/এমই