ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক সাতটি দাবি ‘মিথ্যা’ এবং তিনি সতর্ক করে দিয়েছেন যে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি ‘খোলা থাকবে না’। খবর আল জাজিরার।
ট্রাম্প বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে, ইরানের সঙ্গে একটি চুক্তির জন্য আর কোনো ‘অচল অবস্থা’ অবশিষ্ট নেই এবং একই সঙ্গে তেহরানের সঙ্গে আপাত চুক্তি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আশাবাদী বার্তাও দিয়েছেন তিনি।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এও বলেছেন যে, ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।
এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি অনুযায়ী এবং পূর্বঘোষিত সমন্বিত পথে হরমুজ প্রণালি সকল বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।
এদিকে ট্রাম্প বলেছেন, লেবাননে বোমা হামলা চালানো ইসরায়েলের জন্য নিষিদ্ধ। দেশটিতে ১০ দিনের যুদ্ধবিরতির প্রথম দিনে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘরে ফিরেছেন। কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় তারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
