রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত, ১০ লাখ স্থলমাইন চায় ফিনল্যান্ড
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৩:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ইউরোপের উত্তর প্রান্তে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত, আর সেই সীমান্ত ঘিরেই বাড়ছে নিরাপত্তার উদ্বেগ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিরক্ষায় নতুন করে জোর দিচ্ছে ফিনল্যান্ড। এর অংশ হিসেবে ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা করেছে দেশটি।
গত সোমবার (১৯ অক্টোবর) ফিনল্যান্ডের সেনাবাহিনীর কর্নেল রিকু মিকোনেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্থলমাইন কেনার জন্য সরবরাহকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন কর্মকর্তারা। ২০২৭ সালের শেষ নাগাদ এ বিষয়ে চুক্তি সই করতে চায় ফিনল্যান্ড। এরপর ২০২৮ সালের মধ্যে স্থলমাইন উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির।
তবে, অন্য দেশের ওপর নির্ভর না করে নিজেদের প্রতিষ্ঠানেই স্থলমাইন তৈরি করতে চায় ফিনল্যান্ড। দেশটির সেনাবাহিনীর কর্নেল রিকু মিকোনেন বলেন, দেশে এসব মাইন তৈরি করা গেলে নানা দিক থেকে সুবিধা হবে।
ফিনল্যান্ডের প্রায় ছয়টি প্রতিষ্ঠান স্থলমাইন তৈরির সক্ষমতা রাখে। তবে, প্রয়োজন হলে বিদেশ থেকেও এসব মাইন কেনার বিষয়টি বিবেচনা করবে দেশটি।
রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় ফিনল্যান্ডের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ স্থলমাইন ব্যবহারের বিষয়ে নিজেদের অবস্থান বদলেছে। এরই অংশ হিসেবে গত বছর জাতিসংঘের অটোয়া কনভেনশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফিনল্যান্ড।
১৯৯৭ সালে স্থলমাইন ব্যবহার নিষিদ্ধ করা এবং মজুত থাকা মাইন ধ্বংস করার লক্ষ্যে এ চুক্তি করা হয়েছিল। ফিনল্যান্ড ২০১২ সালে চুক্তিটিতে যোগ দিয়েছিল।
তবে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে ২০২৫ সালের এপ্রিলে অটোয়া কনভেনশন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় ফিনল্যান্ড। চলতি বছরের জানুয়ারি থেকে চুক্তিটির বাধ্যবাধকতা আর দেশটির ওপর কার্যকর নেই।
ফিনল্যান্ডের পাশাপাশি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডও অটোয়া কনভেনশন থেকে সরে গেছে। দেশগুলোর আশঙ্কা, রাশিয়া তাদের বিরুদ্ধে সামরিক উসকানি দিতে পারে।
এছাড়া, ইউক্রেনের সমর্থক দেশগুলোর ওপর মস্কো প্রচলিত ও অপ্রচলিত নানা কৌশলে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে।
রাশিয়ার সঙ্গে প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে দেশটি।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন। গত সোমবার তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলা পর্যন্ত রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া উচিত নয়।
রাশিয়া যখন ইউক্রেনের মানুষের বাড়িঘরে বোমা হামলা চালাচ্ছে, তখন রুশ নাগরিকদের ইউরোপে ভ্রমণের সুযোগ দেওয়া ঠিক নয় বলে মনে করেন তিনি।
তিনি জানান, ২০২৫ সালে শেনজেনভুক্ত দেশগুলো রুশ নাগরিকদের প্রায় পাঁচ লাখ পর্যটন ভিসা দিয়েছে। ফিনল্যান্ড ২০২২ সালেই এ ভিসা দেওয়া বন্ধ করেছে। এবার ইইউর অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আল-জাজিরা
