মামলার টেন্ডার জালিয়াতি রোধে অ্যাটর্নি জেনারেলের কয়েক দফা নির্দেশনা

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৯:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিচারিক স্বচ্ছতার স্বার্থে ও মামলার টেন্ডার জালিয়াতি রোধে কয়েক দফা নির্দেশনা প্রদান করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাটর্নি-জেনারেল অফিসে নোটিশ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি এবং কিছু কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অত্র অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ পূর্বক নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। আজ ২ জুন অবকাশকালীন এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টে এমন বেশ কয়েকটি মামলার এফিডেভিটকৃত মূল আবেদনের টেন্ডার নম্বরের সঙ্গে নোটিশে প্রদত্ত টেন্ডার নম্বরের গরমিল ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আদালতের দৃষ্টিগোচরে নেওয়ার পর, উক্ত কোর্টে তালিকাভুক্ত অন্যান্য অনেক মামলার ক্ষেত্রেও একই অবস্থা পরিলক্ষিত হয়; যা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কোনো অসৎ উদ্দেশ্যে বা কোন অনৈতিক সুবিধা গ্রহণের জন্য উক্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়।

এছাড়াও দায়েরকৃত বিভিন্ন মামলায় সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবীদের মধ্যেও বৈপরীত্য লক্ষ্য করা যায়। কতিপয় ব্যক্তি বিশেষের এহেন অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ ও দেশের সর্ব্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অহেতুক বিব্রত/সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল নিম্নলিখিত নির্দেশনা প্রদান করেছেন।

১) মূল পিটিশনে সনাক্তকারী আইনজীবী এবং নোটিশে স্বাক্ষরিত আইনজীবী একই বিজ্ঞ আইনজীবী হতে হবে।

২) কোনো মামলার এফিডেভিট সম্পন্ন করার পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে অত্র অফিসে নোটিশ জারি করতে হবে;

৩)  অ্যাটর্নি অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে।

৪)  এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্ঠাসহ অত্র অফিসে নোটিশ জমা দিতে হবে।

৫)  কোনো আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভুক্ত করার ক্ষেত্রে অত্র অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিলকৃত মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।


আমার বার্তা/এমই