বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে শেষ মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
 
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণমতের প্রতিনিধিত্বশীল হবে। সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে যাবে।’

অন্তর্বর্তী সরকার সব ক্ষেত্রেই সফল হয়েছে তা নয়, তবে চেষ্টা করেছে বলে দাবি করে তিনি বলেন, ‘বোঝা রেখে যাওয়ার পরিবর্তে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম। বিভিন্ন চুক্তি নিয়ে অনেক আগে থেকেই কাজ চলছিল, এই পর্যায়ে এসে চুক্তিগুলো স্বাক্ষর হয়েছে।’
 
ভারতের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ নয়, থমকে রয়েছে।’ পরবর্তী সরকারের সময়ে দিল্লির সঙ্গে সম্পর্ক মসৃণ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।
 
তিনি বলেন, ‘অন্য দেশ ভিসা দেয় না, এটার জন্য সম্পূর্ণ দায় আমাদের। এক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারতের ক্ষেত্রে নৈরাশ্য না হয়ে আশাবাদী হতে হবে।’
 
তৌহিদ হোসেন বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর, আমার স্বাধীনতা শেষ হয়েছিল। সরকারের মধ্যে নানা টানাপোড়েন থাকে, এটা খেলার একটা অংশ।’
 
গত দেড় বছরে বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নিলে বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন।’
 
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানব সম্পদের অবস্থা খুবই খারাপ। গ্র্যাজুয়েটরা শিক্ষিত নয়। কারিগরিতে যারা সার্টিফিকেট নেয়, তারা সেই কাজটি পারে না।’
 
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কূটনীতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই সামান্য বিষয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন।
 
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেয়ার ব্যাপারে এখনও ভারত সরকার কিছু জানায়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।


আমার বার্তা/এমই