স্থগিত ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১৪:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান-ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। একইসঙ্গে পরিস্থিতির ওপর নজর রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, ইরানের উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুটের প্রায় ৫৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও কিছু রুটের পরিকল্পনা স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি বিবেচনায় আজ থেকে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিসিডিউল (সময় পরিবর্তন) করা হয়েছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি, আগামীকালকের (সোমবার) মধ্যে স্থগিত ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা সম্পন্ন হবে।

দেশের বাইরে গন্তব্যে পৌঁছাতে না পারা যাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী। 

রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি মনিটর করছেন। যাত্রীদের ইফতারসহ যাবতীয় দেখভালের বিষয়ে তিনি আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা অত্যন্ত সফলভাবে যাত্রীদের সব সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।

যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি যেহেতু পরিবর্তনশীল, তাই যাত্রীরা যেন বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সঠিক সময় জেনে নেন।

প্রত্যন্ত অঞ্চলের যাত্রীরাও মিনিমাম সময় পাবে, সেভাবে রিসিডিউল করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবে এবং সেই সময়টা আমরা এমনভাবে দেবো যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সে ফ্লাইট ধরতে পারে। আমরা আশা করছি যুদ্ধটা যদি আর না বেড়ে যায় বা থেমে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে ব্যবস্থা গ্রহণ করব।


আমার বার্তা/এমই