ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৯:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ করতে ইতোমধ্যে সকল  ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রবিউল আলম বলেন, ঈদের সড়কে কোনো ধরনের পার্কিং ও দোকান থাকবে না। এ ছাড়া বাড়তি ভাড়া আদায়ের জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কথা দিয়েছেন কোনো বাড়তি ভাড়া আদায় হবে না। আমরা নির্ধারিত ভাড়ায় মানুষের চলাচল নিশ্চিত করতে চাই, এটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘আমি বলেছি যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে। যে ভাড়া আছে, সেটা অঙ্গীকার না শুধু, বাস্তবায়ন করা হবে। তবে তারা একটা দাবি করেছে, যে ঈদযাত্রায় বাসটা যখন খালি আসে তখন যেন সেতুর টোলটা ফ্রি করে দেওয়া হয়। বাকিটা তারা অঙ্গীকার করেছে যে, ভাড়া বাড়াবে না, যাত্রীসেবার মানও ঠিক রাখবে। যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সঙ্গে সেল করবে। এসব বিষয়ে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।’

সেতুমন্ত্রী বলেন, ঈদের আগমুহূর্তে রাস্তাঘাটে যে যানজট হয় এবং সেই সঙ্গে লঞ্চেরও এক ধরনের চাপ থাকে। এ ক্ষেত্রে গত প্রায় ১০ দিন ধরে কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যারা এখানে যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন—র‍্যাব, মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী সবাই সমন্বিতভাবে কাজ করছে। সড়কের ওপর যত্রতত্র প্রতিবন্ধকতা সৃষ্টি, বাজার ও দোকানপাট বসানো এবং সড়ক দখল যাতে না হয়, যত্রতত্র পার্কিং যেন না থাকে তা নিশ্চিত করা হবে।


আমার বার্তা/এমই