আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দেশে চলমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে সরকারি ও বেসরকারি সব অফিস।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নিদের্শেনা দেবেন। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশনা দেবে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
 
এছাড়া ওই বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
 
এদিকে, ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে জানানো হয়, রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ ছাড়া লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
 
পরিপত্রে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।