জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮:১১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলসমৃদ্ধ গাজীপুর ও ঢাকা জেলার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সংক্রান্ত বিষয়গুলো সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং দুই-তিন দিনের মধ্যেই চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

সভায় শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিকদের পাওনা পরিশোধ এবং ঈদকে সামনে রেখে সম্ভাব্য যেকোনো অস্থিরতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। কিছু সাময়িক সমস্যা দেখা দিলেও তা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

মন্ত্রী শ্রমিকদের বেতন ও বোনাস যথাসময়ে পরিশোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসমাইল হাওলাদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন। তারা ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ, কর্মপরিবেশ নিরাপদ রাখা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে মতামত প্রদান করেন।

সভা শেষে সংশ্লিষ্ট সকল পক্ষ ঈদকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আমার বার্তা/এমই