কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১২ মে ২০২৬, ১৯:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো উদ্যোগের কথা বাংলাদেশকে জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিষয়টি নিয়ে রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসলে সেটি কূটনৈতিকভাবে আলোচনায় আসবে বলেও জানান মন্ত্রী।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
গত সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন- বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। এ জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্বসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা তার ফলাফল সে দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের পর কোনো বিজয়ী দল বক্তব্য দিলে সেটার জবাব আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে দিই না। আমাদের জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কি না। সেটা ডিপ্লোমেটিক চ্যানেলে হবে।”
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা ও মুসলমানদের ওপর হামলার অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো কিছু ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এখনো আমাদের নজরে এমন কোনো ঘটনা আসেনি যে সেখানে নির্যাতন শুরু হয়েছে।”
ঈদের আগে ও পরে বিশেষ মনিটরিং সেল চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ঈদের আগে ও পরে ৭ দিন করে মোট ১৪ দিন পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু থাকবে।”
এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস, নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার হটলাইন সক্রিয় থাকবে বলে জানান তিনি।
আমার বার্তা/এমই
