বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  মাসউদুল কাদির

কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামে দীক্ষিত হলেন কোরিয়ান কিম জিন। কোরিয়ান আনসান মসজিদের ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) কোরিয়ার আনসান মসজিদে বাংলাদেশী ইমাম ও খতীব মুফতী ফয়জুল্লাহ আমানের হাতে কিম জিন ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন।
বাংলাদেশী ইমাম ও খতীব  মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, আলহামদুলিল্লাহ, আজ আনসান মসজিদে কিম জিন কোরিয়ান ভাই ইসলাম গ্রহণ করলেন। কিম জিন তাঁর উজবেক স্ত্রীর সঙ্গে এসেছিলেন। তাঁদের বিয়ে হয়েছে ৩০ বছরেরও বেশি সময়। তাঁর স্ত্রী মুসলিম, আর স্বামী ছিলেন ধর্মহীন।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “ইসলাম সম্পর্কে কিছু জানেন?” তাঁরা দুজনই বললেন, ইসলাম সম্পর্কে তাঁরা তেমন কিছুই জানেন না। তবে তাঁরা ইসলাম সম্পর্কে জানতে ও শিখতে চান।

কিম জিন বলেন, আমাদের ছেলে-মেয়েরা এখন বড় হয়ে গেছে। জীবনের এই পরিণত বয়সে এসে তাঁদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মানসিক শান্তির জন্য এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য।

মুফতি আমান বলেন, আমি তাঁর সঙ্গে ইসলামের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপর তাঁকে শাহাদা পাঠ করতে বললাম। আলহামদুলিল্লাহ, তিনি আরবি ও কোরিয়ান ভাষায় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।

প্রসঙ্গত, কোরিয়ান কিম জিন ইসলাম জানবার জন্য আনসান মসজিদে নিয়মিত আশা যাওয়া করবেন। ধারাবাহিকভাবে ইসলাম সম্পর্কে শিখবেন।

মুফতি আমান বলেন,  আল্লাহ কিম জি ইসলাম গ্রহণ কবুল করুন, তাঁকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করুন এবং ইসলামের ওপর আমৃত্যু অটল থাকার তাওফীক দান করুন।