টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৩:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস হলো। ঘরের মাঠে প্রথমবারের মতো তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।

এই জয়ে শুধু ইতিহাস গড়াই নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারতের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ২ জয়ের সঙ্গে ১টি করে ড্র ও হার বাংলাদেশের। টাইগারদের পয়েন্ট এখন ২৮। জয়ের শতাংশ হিসেবে ৫৮.৩৩।

ছয় নম্বরে নেমে যাওয়া ভারতের ৯ টেস্টে ৪ টি করে জয়-হার এবং একটি ড্র। তাদের পয়েন্ট ৫২ হলেও শতাংশ হিসেবে বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত (৪৮.১৫)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচের ৭টিই জিতেছে তারা। পয়েন্ট ৮৪, শতাংশ হিসেবে জয় ৮৭.৫০।

দুইয়ে নিউজিল্যান্ড, তিনে দক্ষিণ আফ্রিকা এবং চারে আছে শ্রীলঙ্কা। তার পরই পাঁচ নম্বরে অবস্থানে বাংলাদেশ। পাকিস্তান এখন আট নম্বরে।