আঙুল ভাঙা মার্টিনেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

প্রকাশ : ২২ মে ২০২৬, ১৪:১২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিশ্বকাপের আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। অ্যাস্টন ভিলা এফসি’র এই গোলরক্ষক ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে হাতে চোট পেয়েছেন। যদিও তেমন গুরুতর কিছু নয়। চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন এবং ৩-০ গোলের জয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলছিলেন, “ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। জীবনে আগে কখনো আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই অন্যদিকে চলে যাচ্ছিল। কিন্তু এমন তো হতেই পারে।”

টিওয়াইসির প্রতিবেদনে জানা যাচ্ছে, শুক্রবার এক্সরে করে চোটের অবস্থা নির্ণয় করা হবে। যদিও খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপে খেলতে তার কোনো সমস্যা হওয়ার কথা নয়।

ব্যথা নিয়েই পুরো ৯০ মিনিট খেলেছেন মার্টিনেজ। শুধু তাই নয়, অ্যাস্টন ভিলার হয়ে প্রথম শিরোপাও জিতেছেন তিনি। এর মাধ্যমে ফাইনালে তার অবিশ্বাস্য রেকর্ড আরও দীর্ঘ হয়েছে। এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সাতটি ফাইনাল খেলেছেন এমিলিয়ানো—আর সবগুলোতেই জিতেছেন। তালিকায় আছে আর্সেনাল, আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার জার্সিতে জেতা ফাইনালগুলো।

শিরোপা জয়ের উচ্ছ্বাসের মাঝেও বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। “আমি খুব খুশি। এখন সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করব, এরপর পুরো মনোযোগ বিশ্বকাপে,” বলেছেন তিনি।

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কোচিং স্টাফও নজর রাখছে তার শারীরিক অবস্থার ওপর। বিশ্বকাপ সামনে রেখে আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে তারা। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ ‘জে’তে খেলবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান।


আমার বার্তা/জেএইচ