জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আট বছর আগে যে জাকার্তায় বাংলাদেশ ফুটবল লিখেছিল স্মরণীয় এক ইতিহাস, এবারও সেই শহরেই নতুন গল্পের স্বপ্ন জামাল ভূঁইয়াদের। ২০১৮ সালের এশিয়ান গেমসে শক্তিশালী উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতারের সঙ্গে একই গ্রুপে থেকেও নকআউট পর্বে উঠেছিল বাংলাদেশ। কাতারের বিপক্ষে শেষ ম্যাচে যোগ করা সময়ে জামালের গোলেই এসেছিল সেই ঐতিহাসিক জয়। এবারও প্রতিপক্ষের শক্তি কিংবা র‌্যাঙ্কিংকে ভয় না পেয়ে একই রকম লড়াইয়ের বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শনিবার সকালে দেশে দলের শেষ অনুশীলন শেষে সতীর্থদের উদ্দেশে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভয় পাওয়ার কিছু নেই। আগামী ২৫ সেপ্টেম্বর ডিভিশন ওয়ানে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ১৩৬ নম্বরে থাকা মালয়েশিয়া। ২৮ সেপ্টেম্বর খেলতে হবে ১৪৮ নম্বরে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর ১ অক্টোবর স্বাগতিক ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১১৮ নম্বরে থাকা ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮১।

প্রতিপক্ষের র‌্যাঙ্কিংয়ের বড় পার্থক্য অবশ্য জামালের কাছে নতুন কিছু নয়। ২০১৮ সালে জাকার্তায় বাংলাদেশের অবস্থান ছিল আরও কঠিন। উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারের পর থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে কাতারকে হারিয়ে জায়গা করে নিয়েছিল শেষ ষোলোতে। তিন প্রতিপক্ষই ছিল বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবু শেষ পর্যন্ত উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশও পেরিয়েছিল গ্রুপের বাধা।

সেই স্মৃতিই এবার সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন জামাল। তিনি বলেন, ‘আমরা জানি, কাজটা কঠিন হবে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া দুটি খুব শক্তিশালী দল। কিন্তু ২০১৮ সালে যখন আমরা ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, আমার মনে হয় তখন আমাদের গ্রুপে ছিল উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার। তখন কেউ ভাবেনি আমরা পরের রাউন্ডে উঠতে পারব। কিন্তু আমরা উঠেছিলাম, শেষ ষোলোতে খেলেছিলাম। তখন কেউ আমাদের নিয়ে এমনটা ভাবেনি। এবারও একই ঘটনা ঘটতে পারে।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক একটি সুখস্মৃতিও আছে। চার বছর আগে একই গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচের অভিজ্ঞতাও এবার কাজে লাগাতে চান জামালরা।

ফিফা আসিয়ান কাপের ম্যাচ খেলতে শনিবার রাতেই জাকার্তার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সিঙ্গাপুরে যাত্রাবিরতির পর রোববার সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে দলের।