
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ঢাকা-চায়না ডে অনুষ্ঠানে তিনি বলেন, যারা দেশের বাইরে উচ্চ শিক্ষা নিতে যায় তাদের অনেকেই আর দেশে ফিরে আসে না। এই মেধাবীদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, চায়নার সহায়তায় দেশে কয়েকটি রেপ্লিকা পলিটেকনিক ইনস্টিটিউট, একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপন গড়ে তোলা হবে।৷বাংলাদেশকে একটি এডুকেশন হাবে পরিণত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের ধারা অব্যাহত রেখেছেন। চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ নেই। দিন দিন সম্পর্ক আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীন দুই দেশের বন্ধুত্ব সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। উচ্চ শিক্ষা গ্রহণে চীনে যেতে সব সময় বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার কথাও বলেন চীনা রাষ্ট্রদূত।

