
আন্তর্জাতিক ইসলামী বইমেলায় কলমসৈনিক পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের দুই বই 'মাদক আগ্রাসন রুখে দাঁড়াও বাংলাদেশ' ও 'কর্নাটকের দিনগুলো' এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গেল শনিবার ১০ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক ইসলামী বইমেলার মঞ্চে এ মোড়ক উন্মোচন করা হয়।
মিযানুর রহমান জামীল নিজের বই সম্পর্কে অভিব্যক্তি পেশ করে বলেন, 'কর্নাটকের দিনগুলো' মূলত মাদরাসা দারুর রাশাদের মুহতামিম ও সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর খলিফা মাওলানা মুহাম্মাদ সালমান -এর সঙ্গে আমার ১৭ দিনের দীর্ঘ সফরের সংক্ষিপ্ত বিবরণ।
মূলত কলকাতা, নদওয়া, দেওবন্দ, দিল্লি, পানিপথ হয়ে আকাবিরের বিভিন্ন মাকবারা জিয়ারত শেষে রাজস্থানের মরুভূমি ও অসংখ্য পাহাড়ি পথ-প্রান্তর পেরিয়ে রত্নগিরি এবং দীর্ঘ রেল সুড়ঙ্গ অতিক্রম করে দক্ষিণ ভারতের কর্নাটকে প্রবেশ করেন তারা। সেখান থেকে টিপু সুলতানের মহীশূর পরিদর্শন করে সর্বশেষ কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে মঞ্জিল করেন। তারপর একটি দুর্ঘটনা ও ট্রেনের শিডিউল বাতিল হওয়া সেই টানটান উত্তেজনা এবং বৈরি পরিবেশের চারদিন তুলে ধরা হয়েছে এ সফরনামায়। ১৩টি প্রদেশ সফর শেষে হাজার মাইল পেরিয়ে কলকাতার হাওড়ায় সফর সমাপ্ত হয়।
লেখক বলেন, "মূলত ৬০০ পৃষ্ঠারও বেশি নিয়ে 'ভারত সফরনামা' লেখা হয়েছে। সেখানে সংযুক্ত হয়েছে সফররত বিভিন্ন রাজ্যের দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট। বিশেষ গুরুত্ব পেয়েছে আকাবিরের স্মৃতিধন্য ইমারত ও ইদারাগুলো টিকে থাকার আদ্যোপান্ত। ঘটনাবহুল এ সফরনামা পাঠককে খুব সহজেই অনুপ্রাণিত করবে; বইটি তারই সংক্ষিপ্ত রূপ।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমাত্রিক লেখক ও ভাষা প্রশিক্ষক কবি মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট ও দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, মাকতাবাতুল খিদমাহ এর প্রকাশক মাওলানা আব্দুল মান্নান, ছড়াকার ও গল্পকার সুমন রায়হান, কবি ও সম্পাদক জিয়াউল আশরাফ, ক্যালিগ্রাফি শিল্পী ইলিয়াস হোসাইন, লেখক মুহাদ্দিস উবায়দুল হক খান ও জনপ্রিয় ঔপন্যাসিক সায়ীদ উসমানসহ আরও অনেকে।
দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের ঐতিহাসিক সফর নিয়ে লেখা 'কর্নাটকের দিনগুলো' বইটি প্রকাশ করেছে পুরানা পল্টনের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান 'সম্পাদনা কেন্দ্র' এবং পরিবেশনা করছে বাংলাবাজারের মাকতাবাতুল খিদমাহ।

