
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামের এক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন আনসার ও ভিডিপি’র উপজেলা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ (রোববার) দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল যোগে মিরসরাই থেকে অর্থনৈতিক অঞ্চলে গার্ড পরিদর্শনে যাচ্ছিলেন মো. আলাউদ্দিন। পথে অর্থনৈতিক অঞ্চল সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ জানান, হাসপাতালে আনার আগেই ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/এমই

