
পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ কতটুকু পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে বিষয়টি জানাতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এগুলোর স্বীকৃতি দিতে চাইছি। এতে তারা উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। এমন কিছু আগে হয়েছে কিনা আমি জানি না। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই। যাতে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে দায়িত্ব পালন করতে পারে।
তিনি বলেন, আমাদের তিনটি ঘটনায় যারা দায়িত্ব পালন করেছে তাদের আমরা সনদ দিয়েছি। এদের মধ্যে রামিসা হত্যাকাণ্ডে যারা দ্রুতসময়ে সব দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে কয়েকজন, দৌলতদিয়ায় নৌ পুলিশের অসাধারণ ভূমিকায় যাত্রীরা প্রাণে বেঁচেছেন; তাদের মধ্যে থেকে তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট তিন পুলিশ সদস্য স্বীকৃতি পাচ্ছেন। সবমিলিয়ে আজ আমরা ১৫ জনকে স্বীকৃতি দিচ্ছি। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে।
আমরা সবাইকে পুরস্কারের তহবিল থেকে ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ দিয়েছি। এছাড়া কয়েকজন ব্যাজ পেয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আমার বার্তা/এমই

