
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, মক্কা ও মদিনা শরিফ বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা মুসলমানদের কাছে জীবনের চেয়েও মূল্যবান। হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে উসকানিমূলক এবং সহ্যের সীমা লঙ্ঘন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এ নিন্দা জানান।
তারা বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও মক্কা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র ভূমিকে লক্ষ্য করে এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে দ্রুত ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।
হেফাজত নেতারা ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হেফাজত নেতারা বিশ্বের মুসলমানদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

