
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই কাজ করে পরিচিতি পাওয়া মুকুল জামিল। রবিবার রাতে তিনি মারা যান।
তাঁর আকস্মিক মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন অভিনয় ও সংগীতাঙ্গনের অনেকেই।
মুকুল জামিলের মৃত্যুতে শোক জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন।
তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উনার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
মুকুল জামিলকে স্মরণ করে সংগীতশিল্পী মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।
মিলন আরো লিখেছেন, ‘মুকুল ভাই ছিলেন একজন সংগীতশিল্পী। কিন্তু জীবনে প্রথমবার অভিনেতা হিসেবে আমার ‘সেলফি’ গানটিতে মজার ছলে তাকে মডেল হিসেবে নিয়েছিলাম। এরপর একে একে আমার অনেকগুলো গানে মুকুল ভাইকে অভিনেতা হিসেবে পেয়েছি।’
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ঝোঁক ছিল মুকুল জামিলের। বোনের হাত ধরেই তাঁর সংগীতজীবনে পথচলা শুরু।
দীর্ঘ ক্যারিয়ারে ৩০টির বেশি মিক্স অ্যালবামে কাজ করেছেন তিনি। পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর একক অ্যালবাম ‘আমি তো এমনই’।
মুকুল জামিলের বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন’, ‘আচ্ছা’, ‘বিলবোর্ড’, ‘ভালবাসার মানে’ ও ‘ফাগুনের হাওয়া’। এ ছাড়া তাঁর ‘চায়ের চুমুকে’ গানটি প্রচারিত হয়েছে এটিএন বাংলায়।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন মুকুল জামিল। ‘ওয়েডিং বেলস’ (২০১৯), ‘আমানুষ’ (২০২২) ও ‘ছাত্রী বউ’ (২০২৪)-এর মতো চলচ্চিত্রে যুক্ত ছিলেন তিনি।

