
যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর মাধ্যমে দেশটির সরকারের দিক থেকে এ বিষয়ে সবচেয়ে বড় সংখ্যায় নথি প্রকাশ করেছে।
বিবিসি জানিয়েছে, এপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও এসেছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইল নথিতে যেখানে মোদির নাম এসেছে সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। সেইসময় মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। ইমেইলে এপস্টেইন নিজেই এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন বলেছেন, মোদিকে তিনি ইসরায়েল সফরের পরামর্শ দেন। এতে ট্রাম্প খুশি হবেন বলে জানান তিনি। তার পরামর্শেই মোদি ২০১৭ সালে ইসরায়েলে যান বলে দাবি এপস্টেইনের। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন।
ইমেইলে এপস্টেইন বলেছেন, মোদি তার পরামর্শ নেন এবং ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে নাচ-গান করেন। মোদিকে নিয়ে এসব নথি প্রকাশ হওয়ার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা, সমালোচনা ও জল্পনা শুরু হয়েছে। তবে এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। তিনি দাবি করেছেন, এর বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।
আমার বার্তা/জেইচ

