ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১
আপডেট  : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০
আজ বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ করা হয়।

ছোটখাটো, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। তবে ভিন্ন চিত্র ছিল গোপালগঞ্জের বেশিরভাগ কেন্দ্রে। ভোটার শূন্য ছিল জেলার বহু কেন্দ্র। পাশাপাশি অন্যান্য জেলার কয়েকটি স্থানে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের ভোট আগেই দেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানালেন ভোটার ও বিভিন্ন দলের প্রার্থীরা। বিকাল পর্যন্ত কোথাও থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

উৎসবমুখর পরিবেশে ভোট

চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল, রংপুরসহ বেশিরভাগ জেলায় উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের ভোট ও গণভোট হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী। তবে বড় কোনও সমস্যা তৈরি হয়নি। অধিকাংশ কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।

৪ জনের মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি সকালেই খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার তালা উপজেলায় ভোট দেওয়ার জন্য বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অনাথ ঘোষ (৬৫)। মৃত ব্যক্তির ভাতিজা জয়দেব ঘোষ জানান, তার কাকা সকালে নাশতা শেষে ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে সকাল সাড়ে আটটার দিকে বের হন। মাছিহারা প্রাইমারি স্কুলে ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে পাঁচমাথা নামক স্থানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে সকালে অজ্ঞান হয়ে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তার নাম মো. মনু মিয়া (৫৭)। সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটে চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ

নাটোরে ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা যায়। সকাল থেকে বিকাল পর্যন্ত নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের শহরের বেশিরভাগ কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সব কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আল-মামুন মিয়া বলেন, ‘কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং প্রার্থীরাও কোনও অভিযোগ করেননি।’

ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসছবি: প্রধান উপদেষ্টাের প্রেস উইং

নেত্রকোনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়লেও অধিকাংশ কেন্দ্রে আশানুরূপ উপস্থিতি দেখা যায়নি। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সকাল ৮টা ২০ মিনিটে শহরের মোক্তারপাড়া এলাকার দত্ত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান আকন্দ জানান, এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৬৯৯ জন, এর মধ্যে নারী ১ হাজার ৪৪২ জন। ৫০ মিনিটে ভোট পড়েছিল ২৯টি। সকাল সাড়ে ৮টায় নেত্রকোনা আদর্শ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়ে ৩২টি। মোট ভোটার ২ হাজার ৯৩ জন।

সকাল ৯টার দিকে বনোয়াপাড়া এলাকার আবু আব্বাছ ডিগ্রি কলেজ কেন্দ্রে মাঠ ফাঁকা দেখা গেলেও প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দেড় ঘণ্টায় ভোট পড়েছে ১১২টি। এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৭০০ জন। নতুন ভোটার ইমন হাসান বলেন, প্রথমবার ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পাঁচটি আসনের কোথাও কোনও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। নেত্রকোনা-২ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২৩৮ জন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ৭৪টি কেন্দ্রে ভোট শুরুর আগ থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি এমবি কলেজ কেন্দ্রে সকালবেলায় তুলনামূলক কম উপস্থিতি দেখা যায়। প্রিসাইডিং কর্মকর্তা তানভীর মাহমুদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধভাবে ভোট দিতে দেখা গেছে। এই কেন্দ্রে পুরুষ ভোটার ১ হাজার ৯৮১ জন। প্রিসাইডিং কর্মকর্তা মো. মোসলেহুল আলম বলেন, সুষ্ঠুভাবে গ্রহণ হয়েছে।

চুয়াডাঙ্গার দুটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নওগাঁর ছয়টি আসনে সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নওগাঁ-৫ (সদর) আসনের নামাজগড় গাউসুল আজম মাদ্রাসা কেন্দ্রে সকালে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার। সকাল ৯টার দিকে শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, চারটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়ার শেরপুর উপজেলায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কোথাও কোনও সমস্যা দেখা যায়নি।

গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় যৌথ বাহিনী একজনকে আটক করে

ভোলায় নির্বাচন ও গণভোটে সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়। ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতে সকালেই উপস্থিতি বেশি ছিল, শহরে তুলনামূলক কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।

মেহেরপুরে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবির বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

বরিশাল নগরের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সকাল সাড়ে ৮টায় রূপাতলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো, তবে অতীতের কারচুপির শঙ্কা এখনও থেকে গেছে। একই সময়ে চৈতন্য স্কুল কেন্দ্রে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও সমাজতান্ত্রিক দলের প্রার্থী মনীষা চক্রবর্তী ভোট দেন। তিনি বলেন, দীর্ঘদিনের সংগ্রামের পর এবার ভোটের মাধ্যমে দেশের প্রচলিত লুটেরা রাজনীতির অবসান হবে।

গোপালগঞ্জ সম্পূর্ণ ব্যতিক্রম। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি অনেক কম। আবার যে সমস্ত ভোটকেন্দ্র প্রার্থী রয়েছে, সেগুলোতে কর্মীদের সংখ্যা বেশি।

গণতন্ত্রের পথে যাত্রা শুরু, বলছেন বিএনপির প্রার্থীরা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী চিকিৎসক জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের ছবি দিলেন ফেসবুকে।ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছ। গণতন্ত্র ফিরে আসছে সেটা অনুভব করছি।’ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের কাট্টলি মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া শেষে সালাউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জনগণ আমাকে বারবার নির্বাচিত করেছে। আমাকে চেনে, জানে। আমাকে তারা ভালোবাসেন। আমি তাদের পরীক্ষিত সন্তান। এবারও তারা সঠিক সিদ্ধান্তই নেবেন।’

১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরাও বলছেন নির্বাচন সুষ্ঠু

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানালেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র না হলে জামায়াতে ইসলামী বিজয়ের ব্যাপারে আশাবাদী। সুষ্ঠু নির্বাচনের যেকোনো রায় জামায়াতে ইসলামী মেনে নেবে।’

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, তিন দিন ধরে বিভিন্ন গ্রাম থেকে এ ধরনের অভিযোগ আসছে। অনেকে হাতেনাতে ধরা পড়েছেন। কয়েকজনকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে, আবার কাউকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতে দেশকে এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে মুক্ত করা যায়, তা নিয়ে ভাবতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীকাল ১১–দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।’

ফেনী-২ (সদর) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ঈগল প্রতীকের মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি অসহিষ্ণু হয়ে উঠছে। তারা কোনও না কোনও কারণে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা বোধ করছে। এ জন্য সন্ত্রাস শুরু করেছে। এ সন্ত্রাস তাদের জন্য খারাপ হবে। যদি মানুষ ভোট দিতে পারে, এগুলোকে ভালো চোখে দেখবে না। তারা নানা ধরনের গুজবও ছড়াচ্ছে। আশা করছি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, ‘যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাবো আমরা।’

ফারাহ প্রথম ভোট দিলেন। এই আনন্দে মা ছবি তুলে দিচ্ছেন। ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেন জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন। সকালে আখতার হোসেন তার মা রোকেয়া বেগমকে নিয়ে রংপুরের কাউনিয়ার ভায়েরহাট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আখতার হোসেন বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের শহীদ ও যারা গাজী আছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই নতুন বাংলাদেশে আজ ভোট দেওয়ার মতো একটি সুযোগ বাংলাদেশের জনগণ পেয়েছে।’

নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সকালে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। পরে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে কোথাও কোনও অভিযোগ না উঠলে জনগণের মতামত মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে।’

অভিযোগ আছে রুমিন ফারহানার

বিনা কারণে তিন কর্মীকে আটক ও নয়টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সকাল সোয়া ৯টার দিকে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ভোট কেমন হচ্ছে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘ভোট শুরু হয়েছে দুই ঘণ্টা হয়েছে। সারা দিনের ভোট বাকি। ফলে এখনই বলা যাবে না। আমার তিন জন কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে। এ ছাড়া নয়টি ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশ, আর্মি ও প্রশাসনকে জানিয়েছি।’

শেরপুরে ধানের শীষে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার, আটক ২

শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি জানিয়েছেন।

মেহেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৯

মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ও গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবলের সমর্থকদের সংঘর্ষ

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৫০ মিনিটে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুজন আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো মমিনুল ইসলাম।

আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা: হান্নান মাসউদের স্ত্রী

নোয়াখালী-৬ (আসন) ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্যামলী সুলতানা জেদনী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলছে।

কেন্দ্র থেকে ব্যালট চুরি, যুবককে ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

‘কেন্দ্রে এসে শুনতে হচ্ছে না ভোট হয়ে গেছে’

বরিশাল নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ষাট বছরের জলিল মৃধা জানিয়েছেন, গত তিনবার তিনি ভোট দিতে পারেননি। কেন্দ্র এলেই জানিয়ে দেওয়া হতো, ভোট হয়ে গেছে। এ কারণে এ বছর আগেভাগে ভোট দিতে আসেন। তিনি তার নিজের ভোট দিতে পেরেছেন। কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। একই ধরনের কথা জানিয়েছেন একাধিক ভোটার।

কেন্দ্রে গিয়ে ভোটার জানলেন ভোট দেওয়া হয়ে গেছে, ৩ নির্বাচনি কর্মকর্তা প্রত্যাহার

গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর একাংশ) আসনে ভোট দেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন এক নারী ভোটার। পরে ভোট দিতে গিয়ে জানতে পারেন, তার ভোট দেওয়া হয়ে গেছে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মহিলা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিন জনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আমার বার্তা/এমই

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছেন

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২ টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক