
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করেছেন সাবেক হেভিওয়েট এমপি ও মন্ত্রীদের সন্তানরা। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রাখার লক্ষ্যে কেউ দলীয় প্রতীকে, আবার কেউ স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন।
বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের তালিকায় এমন ‘রাজনৈতিক উত্তরসূরি’দের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়, যার মধ্যে বিএনপির প্রার্থীদের সংখ্যাই সবচেয়ে বেশি।
ঢাকা-৬ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ঢাকা-৪ আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিন।
ঢাকা-১৪ আসনের রাজনৈতিক সমীকরণে ভিন্নতা এনেছেন সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে লড়াই করছেন। বিদ্রোহের কারণে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন।
গাজীপুর-২ আসনে সাবেক প্রতিমন্ত্রী ও সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর-৪ আসনে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ.স.ম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান দলীয় মনোনয়ন নিয়ে লড়ছেন।
চট্টগ্রাম-৭ আসনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলের বহিষ্কারের হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন প্রবীণ নেতা অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা।
যশোর-৩ আসনে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের শূন্যতা পূরণে হাল ধরেছেন তার বড় ছেলে অনিন্দ্য ইসলাম অমিত।
অন্যদিকে, ভোলার রাজনীতিতে পরিচিত মুখ আন্দালিব রহমান পার্থ এবারও ভোলা-১ আসনে লড়ছেন তিনি।
ফরিদপুর-৩ আসনে সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-২ আসনে সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমানের মেয়ে শামা ওবায়েদ পারিবারিক রাজনীতির হাল ধরেছেন।
পিরোজপুর প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে এবার লড়ছেন ভিন্ন দুই আসনে। পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-২ আসনে মাসুদ সাঈদী।
পঞ্চগড়-১ আসনে লড়ছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির।
নাটোর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
আমার বার্তা/এমই

